দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী এলাকায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এনামুল হক এনাম বলেন, সার নিয়ে গুপ্ত সংগঠনগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ নিয়েও তারা নানা ধরনের গুজব ছড়াচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কেউ কেউ গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার চেষ্টা করছে। এসব অপপ্রচারকারীদের সঙ্গে যেন কেউ কোনো ধরনের সম্পর্ক না রাখে। যারা উসকানি ছড়াবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামের প্রান্তিক কৃষকদের সুবিধার জন্য কৃষক কার্ড দিচ্ছেন। এলাকায় যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা সড়কের পাশের খালি জায়গায় শাকসবজি চাষ করতে পারেন। এ ছাড়া অনাবাদি জমিতেও চাষাবাদ করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নেওয়ায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদকে ধন্যবাদ জানান সংসদ সদস্য।
অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের মধ্যে টমেটো, মুলা, কুমড়া, লালশাক ও মরিচের বীজ এবং জনপ্রতি দুই কেজি করে সার বিতরণ করা হয়। আয়োজকদের দাবি, প্রতিজন কৃষককে মোট ১ হাজার ৯২০ টাকা মূল্যের বীজ ও সার দেওয়া হয়েছে।
মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, সাইফুদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহবুবুর রহমান ও মো. ইসমাইলসহ অন্যরা।
এ ছাড়া স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএস/